জামিন চাননি তনু হত্যা মামলার আসামি, ফেরত পাঠানো হলো কারাগারে

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে আদালতে হাজির করা হয়েছে। শুনানি শেষে আদালত তাকে আবারও কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সোমবার (৮ জুন) বেলা ১১টার দিকে হাফিজুর রহমানকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক মো. মুমিনুল হক মামলাটির ধার্য তারিখ অনুযায়ী শুনানি গ্রহণ করেন।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মো. তারিকুল ইসলাম জানান, এটি মামলার নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আদালতে হাজির করা হয়েছিল। এদিন আসামিপক্ষ থেকে কোনো জামিন আবেদন করা হয়নি।
তিনি আরও জানান, এখনও ডিএনএ পরীক্ষার প্রতিবেদন পাওয়া যায়নি। রিপোর্ট হাতে এলে পরবর্তী আইনগত প্রক্রিয়া শুরু করা হবে। পাশাপাশি মামলার অন্য সন্দেহভাজনদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এর আগে, গত ২২ এপ্রিল একই আদালতে হাফিজুর রহমানকে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে তাকে পিবিআইয়ের কল্যাণপুরের বিশেষ ইউনিটে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে ২৫ এপ্রিল তাকে আদালতে হাজির করা হলে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাস এলাকার ভেতরে একটি বাসায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন সোহাগী জাহান তনু। পরে সেনানিবাসের পাওয়ার হাউস-সংলগ্ন ঝোপঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় এবং এখনও মামলাটি তদন্তাধীন রয়েছে।
