logo
Advertisement

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,ফেনী
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
কাজী নুর আলম। ছবি : এশিয়া পোস্ট

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার অন্যতম এজাহারনামীয় আসামি কাজী নুর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ছাগলনাইয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ছাগলনাইয়া পৌর শাখার সভাপতি।

Advertisement

বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে পৌর এলাকার হিছাছড়া রাস্তার মাথা থেকে ছাগলনাইয়া থানা-পুলিশ তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

কাজী নুর আলম হিছাছড়া এলাকার আমির হোসেনের ছেলে।

জানা যায়, ২০১৭ সালের ২৮ অক্টোবর কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার পথে ফেনীর ছাগলনাইয়ার মুহুরীগঞ্জ এলাকায় বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও ভাঙচুর চালানো হয়। এ ঘটনার পর ২০২৪ সালের ১১ অক্টোবর ছাগলনাইয়া উপজেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক সুলতান মোহাম্মদ সিকান্দার ভুট্টো বাদী হয়ে ২৫১ জনের নাম উল্লেখ করে ছাগলনাইয়া থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তার কাজী নুর আলম এ মামলার এজাহারনামীয় আসামি।

পুলিশ সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ফেনীর মহিপালে সংঘটিত সহিংসতার ঘটনায় ফেনী মডেল থানায় দায়ের করা একটি হত্যা ও একটি বিস্ফোরক মামলারও এজাহারনামীয় আসামি তিনি।

বিষয়টি নিশ্চিত করে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের এশিয়া পোস্টকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাজী নুর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার সকালে তাকে বিচারিক আদালতে পাঠানো হয়েছে।