সড়কে চাঁদাবাজির সময় জেএসএস সদস্য আটক

বান্দরবানের থানচি-নীলগিরি সড়কে আমবোঝাই একটি ট্রাক থেকে চাঁদা আদায়ের সময় সূর্য সেন চাকমা নামে এক যুবককে হাতেনাতে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৮ জুলাই) বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) পরিচালিত একটি বিশেষ ডমিনেশন টহল অভিযানে তাকে আটক করা হয়।
আটক সূর্য সেন চাকমা সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র গ্রুপের সদস্য বলে জানিয়েছে বিজিবি। তিনি বান্দরবানের থানচি উপজেলার অনিলপাড়ার চিকন্যা চাকমার ছেলে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিতকরণ, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে এই অভিযান চালানো হয়।
বলিপাড়া ব্যাটালিয়নের একটি বিশেষ ডমিনেশন টহল দল থানচি-নীলগিরি সড়কে দায়িত্ব পালন করছিল। এ সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টহল দল বাগানপাড়া এলাকায় অভিযান চালায়।
অভিযান চলাকালে আমবোঝাই একটি ট্রাক থেকে চাঁদা আদায়ের সময় সূর্য সেন চাকমাকে হাতেনাতে আটক করা হয়। বিজিবির দাবি, আটক ব্যক্তি জেএসএসের সশস্ত্র গ্রুপের সক্রিয় সদস্য। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে থানচি থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন বলেন, পার্বত্য অঞ্চলে সন্ত্রাস, চাঁদাবাজি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যে কোনো অপচেষ্টা প্রতিহত করতে বিজিবি সতর্ক ও দৃঢ় অবস্থানে রয়েছে। সময়োপযোগী অভিযান এবং কার্যকর উপস্থিতির মাধ্যমে স্থানীয় জনগণ ও সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চাঁদাবাজি দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে বিজিবি।
তিনি আরও বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় বিজিবি নিরলসভাবে কাজ করছে। সন্ত্রাস, চাঁদাবাজি ও যে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
.png)






