তাদের প্রতারণার হাতিয়ার ছিল পুলিশের পোশাক

ঝিনাইদহে পুলিশের পোশাক দিয়ে প্রতারণা ও মাদক কারবারের সঙ্গে জড়িত একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
শুক্রবার (১ মে) দুপুরে সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান জেলা ডিবির প্রধান ছাব্বিরুল আলম।
এর আগে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় শৈলকুপা থানার চণ্ডিপুর গ্রামের গোলাপ মোল্যার বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
প্রতারক চক্রের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পুলিশের পোশাক ও ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন রিয়াজ বিশ্বাস, রুবেল হোসেন মোল্যা, আশিক জোয়ার্দ্দার, তাসলিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌস।
ডিবি কর্মকর্তা ছাব্বিরুল আলম জানান, চক্রটি দীর্ঘদিন ধরে পুলিশের পোশাক ও ওয়াকিটকি ব্যবহার করে মানুষের কাছ থেকে টাকা আদায় করত। একই সঙ্গে গোপনে মাদকের কারবার চালিয়ে আসছিল। তাদের কাছ থেকে ‘পুলিশ’ লেখা জ্যাকেট, এসআই র্যাংক ব্যাজ, পুলিশ মনোগ্রামযুক্ত পোশাক, ক্যাপ, বেল্ট, ওয়াকিটকি সেট ও চার্জারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে শৈলকুপা থানায় মামলা করা হয়েছে।