logo

কুমিল্লায় বিএনপি নেতা আটকের পর যাত্রীদের হয়রানির অভিযোগ

কুমিল্লায় বিএনপি নেতা আটকের পর যাত্রীদের হয়রানির অভিযোগ

কুমিল্লায় বিএনপি নেতা রেজাউল কাইয়ুমকে আটকের পর দলের নেতাকর্মীদের বিক্ষোভকে কেন্দ্র করে সড়কে যাত্রীদের হয়রানির অভিযোগ উঠেছে।

রোববার (৩ মে) বিকেলে কুমিল্লা শহরের শাসনগাছা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এদিন দুপুর ১২টার দিকে কুমিল্লা শহরের শাসনগাছা এলাকার বাসা থেকে কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটক করে পুলিশ। প্রতিবাদে নেতাকর্মীরা কুমিল্লা কোতোয়ালি মডেল থানা ঘেরাও করেছেন। একইসঙ্গে শাসনগাছা বাস টার্মিনালে অবরোধ শুরু করেছেন পরিবহন শ্রমিকরা। ওই টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয়রা জানান, বিক্ষোভের সময় কিছু উত্তেজিত লোক সড়কে বিভিন্ন যানবাহন থামিয়ে যাত্রীদের জোর করে নামিয়ে দেন। এ সময় তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। অনেকের পকেট থেকে টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। 

এ বিষয়ে বিএনপির কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, বিএনপির নেতাকর্মীরা এ ধরনের অপরাধ করতে পারেন না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। অপরাধীদের ঠাঁই দলে নেই। যারা এসব কর্মকাণ্ড চালাচ্ছে তাদের বিরুদ্ধে যেন প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার এশিয়া পোস্টকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছি।