logo

কু‌ড়িগ্রা‌মে চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, কুড়িগ্রাম
কু‌ড়িগ্রা‌মে চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
কুড়িগ্রাম ডায়াগনস্টিক সেন্টার। ছবি: এশিয়া পোস্ট

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় উলিপুর আধুনিক ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালে বিরুদ্ধে চিকিৎসকের অবহেলার অভিযোগ তুলেছেন এক মৃত রোগীর স্বজনরা।

বৃহস্পতিবার (২১ মে) সকাল ৭টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নূরানী বেগম উপজেলার বজরা ইউনিয়নের খামারদামারহাট এলাকার মশিউর রহমানের স্ত্রী। তার এক সন্তান রয়েছে।

স্বজনদের অভিযোগ, প্রসব বেদনা উঠলে নূরানী বেগমকে উলিপুর আধুনিক ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নেন। অপারেশনের সময় চিকিৎসকদের ভুলে তার জরায়ু ক্ষতিগ্রস্ত হয়। অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

নূরানীর ভাতিজা নুর আলম বলেন, আমরা যখন চাচিকে ক্লিনিকে নিয়ে যাই, তখন গাইনি চিকিৎসক বলছিলেন রক্তচাপ বেশি থাকায় এখন সিজার করা সম্ভব না। ক্লিনিক কর্তৃপক্ষ জোর করে বুধবার রাতে সিজার করায়। পরে চাচির অবস্থার অবনতি হলে রাতেই তাকে রংপুর মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।

দায়িত্বরত চিকিৎসক ডা. নজরুল ইসলামের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

আরেক চিকিৎসক ডা. আতা এলাহী সোহাগ বলেন, বুধবার রাত সাড়ে ৯টার দিকে রোগীকে অপারেশন করা হয়। রোগীর জরায়ুতে সমস্যা ছিল। অতিরিক্ত রক্তক্ষরণ হয়। রোগীর স্বজনরা সময়মতো রক্ত সরবরাহ করতে পারেননি। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

তিনি দাবি করেন, চিকিৎসায় কোনো গাফিলতি বা ভুল চিকিৎসা হয়নি। যথাসময়ে রক্ত সরবরাহ করা গেলে রোগী সুস্থ হয়ে ফিরতে পারতেন।

এ বিষয়ে কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস বলেন, বিষয়টি জানতে পেরেছি। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।