Advertisement

জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, মালয়েশিয়া থেকে ভিডিও প্রচার

এশিয়া পোস্ট নিউজ, জামালপুর
জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, মালয়েশিয়া থেকে ভিডিও প্রচার
জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে নবনির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের অভিযোগ। ছবি : এশিয়া পোস্ট

জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে নবনির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ উঠেছে।

শনিবার (১৮ জুলাই) ভোররাতে এই ঘটনা ঘটে। পরে দুপুরের দিকে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ও আলোচনার সৃষ্টি হয়।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি একটি জ্বলন্ত কাপড় স্মৃতিস্তম্ভটির দিকে নিক্ষেপ করছেন এবং এরপর সেখানে আগুন জ্বলছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আল-সাদিক হৃদয়’ নামের একটি ফেসবুক আইডি থেকে সর্বপ্রথম এই ভিডিওটি প্রকাশ করা হয়। ওই আইডির মালিক আল-সাদিক হৃদয় বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ থেকে পড়াশোনা শেষ করে ৩-৪ মাস আগে সস্ত্রীক মালয়েশিয়ায় পাড়ি জমান। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তার বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নে বলে জানা গেছে।

এদিকে ঘটনার পর দুপুরে সরেজমিনে সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, জুলাই স্মৃতিস্তম্ভের পাশে কিছু পোড়া কাপড় ও ছাই পড়ে রয়েছে। তবে স্তম্ভটির মূল কাঠামোর বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা চিহ্নের দেখা মেলেনি।

জামালপুর জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইহসান বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা অত্যন্ত নিন্দনীয়। আমরা আগেই এমন অপ্রীতিকর ঘটনার আশঙ্কার কথা আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছিলাম। কিন্তু এর পরও ভোররাতে দুর্বৃত্তরা এসে এই অপচেষ্টা চালিয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃশ্যমান আইনি ব্যবস্থা নেওয়ার দাবি করছি।

এ ঘটনার প্রতিবাদে আজ সন্ধ্যায় স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হবে বলেও তিনি জানান।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম। তবে এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তদন্ত ছাড়া এই মুহূর্তে এ বিষয়ে কোনো মন্তব্য করা সম্ভব নয়।’

বিষয় :জামালপুর