logo
Advertisement

খুলনায় একদিনে দুই যুবকের মরদেহ উদ্ধার

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,খুলনা
খুলনায় একদিনে দুই যুবকের মরদেহ উদ্ধার
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিক্স

খুলনায় একদিনে পৃথক স্থান থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বটিয়াঘাটার কাজীবাছা নদী থেকে অজ্ঞাত এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। একই দিন সকালে ফুলতলা এম এম কলেজের দক্ষিণ পাশ থেকে উদ্ধার করা হয় আরেক যুবকের মরদেহ।

বটিয়াঘাটা থানা ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে কাজীবাছা নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। সন্ধ্যায় নৌ-পুলিশ কাতিয়ানাংলা ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে। ট্রলারডুবির পর নিখোঁজ হওয়া ব্যক্তিদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাদের মাধ্যমে মরদেহ শনাক্তের চেষ্টা চলছে। নদীর স্রোতে ভেসে মরদেহটি সেখানে আসতে পারে বলে ধারণা স্থানীয়দের। বটিয়াঘাটা থানার ওসি মারুফ হোসেন বলেন, মরদেহটি শনাক্তের চেষ্টা চলছে।

এদিকে ফুলতলা এম এম কলেজের দক্ষিণ পাশে আলামিন স্যানিটারির সামনে সকালে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে সিআইডি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার জাতীয় পরিচয়পত্রের তথ্য ও পরিচয় শনাক্ত করে। তার নাম ইয়ানুর গাজী (২২)। তিনি যশোরের অভয়নগর উপজেলার শুভরাড়া ২ নম্বর ওয়ার্ডের নজরুল গাজী ও মাহফুজা বেগমের ছেলে।

ফুলতলা থানার ওসি মো. মারগুব তৌহিদ জানান, ইয়ানুরের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

পারিবারিক সূত্র জানায়, ইয়ানুর মানসিকভাবে অসুস্থ ছিলেন। নারকেল ও সুপারি পেড়ে পাওয়া অর্থে তিনি নিজের খরচ চালাতেন। গত ১০-১২ দিন ধরে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।

বিষয় :