পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কৃষকের

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ধনেশ্বর রায় (৫৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের বন্দরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ধনেশ্বর রায় ওই এলাকার মৃত রংলাল রায়ের ছেলে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার কৃষিজমিতে কাজ শেষে সন্ধ্যায় বাড়িতে ফেরেন ধনেশ্বর রায়। পরে বাড়ির বারান্দার টিনের চালের পাশে রাখা কাঠের আসবাবপত্রের ওপর থেকে দিয়াশলাই (মেস) নিতে যান। এ সময় ঘরের বিদ্যুৎসংযুক্ত টিনের চালের সংস্পর্শে এসে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, বাড়ির টিনের চালটি অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে ছিল। সেখানে স্পর্শ লাগায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
.png)





