Advertisement

নীলফামারীতে সাপের কামড়ে শিশুসহ দুইজনের মৃত্যু

এশিয়া পোস্ট ডেস্ক, নীলফামারী
নীলফামারীতে সাপের কামড়ে শিশুসহ দুইজনের মৃত্যু
প্রতীকী ছবি

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সাপের কামড়ে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে।

Advertisement

শুক্রবার (১৪ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর গফুর।

মৃতরা হলেন—বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল বৈদ্যপাড়া এলাকার আব্দুর রহিমের ১০ বছরের মেয়ে লুনা এবং বড়ভিটা ইউনিয়নের জুরাবান্ধা মালিপাড়া এলাকার বিপুল রায়ের ছেলে বিজয় রায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (৭ আগস্ট) রাতে বিজয় রায় একটি হিন্দু ধর্মীয় মনসা গানের অনুষ্ঠানে যান। সেখানে সাপ নিয়ে খেলা দেখানোর সময় একটি সাপ তার হাতে কামড় দেয়।

বাড়িতে ফিরে ব্যথা অনুভব করলে স্বজনরা তাকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।

লুনা বৃহস্পতিবার রাতে খাওয়া-দাওয়া শেষে মা-বাবার সঙ্গে ঘুমিয়ে পড়ে। রাতের কোনো এক সময় একটি সাপ তার ডান হাতে কামড় দেয়। এতে তীব্র ব্যথা অনুভব করলে স্বজনরা তাকে দ্রুত কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর গফুর বলেন, সাপের কামড়ে দুজনের মৃত্যুর বিষয়টি জেনেছি। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।