ইফতারের চপের বেগুনে পোকা, রেস্তোরাঁ মালিককে জরিমানা

জামালপুরে ইফতারের বেগুনিতে পোকাসহ নিম্ন মানের খাবার সরবরাহের অভিযোগে চার রেস্তোরাঁ ও হোটেল মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত শহরের তমালতলা থেকে ও ফৌজদারি মোড় পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম। এ সময় তার সঙ্গে ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা আবু নাছের মো. শফিউল্লাহ।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানা গেছে, শহরের তমালতলায় তাজ ক্যাফে এন্ড রেস্টুরেন্টে বেগুনিতে পোকা পাওয়ায় ২০ হাজার ও পাশের রংধনু রেস্তোরাঁ মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ফৌজদারি মোড়ে মানসম্মতভাবে খাবার না রাখায় সেলিম হোটেল মালিককে ৫ হাজার টাকা ও হাফিজুর হোটেল মালিককে ৫ টাকা জরিমানা করা হয়। অভিযানের অংশ হিসেবে বিভিন্ন দোকানে থাকা গরুর দুধ তাৎক্ষণিক পরীক্ষা করা হয়।।
অভিযানের বিষয়ে মো. শরিফুল ইসলাম বলেন, রমজান উপলক্ষে আমরা নিয়মিতভাবে বাজার তদারকি করছি। কোথাও পোড়া তেল ব্যবহার করা হচ্ছে কি না, জিলাপিতে ক্ষতিকর রং দেওয়া হচ্ছে কি না—এসব বিষয় আমরা বিশেষভাবে নজরে রাখছি। অভিযানে দুটি প্রতিষ্ঠানে বেগুনিতে পোকা পাওয়ায় জরিমানা করা হয়েছে এবং খাবার স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণ না করায় আরও দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। পুরো রমজান মাসজুড়েই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।