logo

সৌদিতে মৃত্যুদণ্ডের খবরও জানত না সুইটির পরিবার

সৌদিতে মৃত্যুদণ্ডের খবরও জানত না সুইটির পরিবার
প্রতীকী ছবি। এআই দিয়ে তৈরি

কর্মসংস্থানের জন্য ২০২৩ সালে সৌদি আরবে গিয়েছিলেন টাঙ্গাইলের মির্জাপুরের সুইটি আক্তার। সরকারি নথি অনুযায়ী, দেশটিতে যাওয়ার জন্য ওই বছরের ৫ ফেব্রুয়ারি বহির্গমন ছাড়পত্র পেয়েছিলেন তিনি। সম্প্রতি সৌদি আরবে এক বাংলাদেশি নারীর মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশের পর তার পরিচয় সুইটি হিসেবে সামনে এসেছে। তবে মেয়ের মৃত্যুর বিষয়ে এখনও নিশ্চিত নন তার বাবা-মা।

সরকারি নথি অনুযায়ী, সুইটি আক্তারের জন্ম ২০০১ সালের ১১ আগস্ট। ২০২৩ সালের ৫ ফেব্রুয়ারি ‘এস রানা ট্রেডিং ইন্টারন্যাশনাল’ নামের একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সৌদি আরবে যাওয়ার বহির্গমন ছাড়পত্র পান তিনি। দেশটিতে তার নিয়োগকারী প্রতিষ্ঠান ছিল ‘আল মাজাল আল আরাবি গ্রুপ কোম্পানি’।

গত ১৪ অক্টোবর সৌদি আরবের মক্কা অঞ্চলে একটি মসজিদে ‘অনৈতিক কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করে দেশটির কর্তৃপক্ষ। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে ওই নারীর নাম সুইটি আক্তার এবং পুরুষের নাম নজরুল ইসলাম আবদুল বশির হিসেবে প্রকাশিত হয়েছে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তারের পর তদন্ত শেষে দুজনকে আদালতে হাজির করা হয়। আদালত অভিযোগ প্রমাণিত হয়েছে উল্লেখ করে তাদের মৃত্যুদণ্ড দেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও রাজকীয় আদেশের পর ১৪ অক্টোবর মক্কা অঞ্চলে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তবে ঠিক কী ধরনের কর্মকাণ্ডের অভিযোগে তাদের এ সাজা দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি সৌদি কর্তৃপক্ষ।

এদিকে মৃত্যুদণ্ড কার্যকরের আগে সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশকে বিষয়টি জানায়নি বলে জানিয়েছে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট। এ ঘটনায় সৌদি কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা ও বিস্তারিত তথ্য চেয়ে কূটনৈতিক চিঠি পাঠানো হয়েছে।

গত ১৮ অক্টোবর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও সৌদি আরবের রাষ্ট্রদূতের কাছে ঘটনার ব্যাখ্যা চেয়েছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মৃত্যুদণ্ড কার্যকরের পর তারা বিষয়টি জানতে পারেন। পরে সৌদি কর্তৃপক্ষের কাছে বিচারপ্রক্রিয়া ও আদালতের রায় সম্পর্কে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।

এদিকে সুইটি আক্তারের মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশের পর তার গ্রামের বাড়িতে খোঁজখবর শুরু হয়েছে। তবে পরিবারের সদস্যরা এখনও তার মৃত্যুর বিষয়ে নিশ্চিত হতে পারেননি।

মহেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিভাষ সরকার নুপুর জানান, সুইটি আক্তারের মৃত্যুর বিষয়ে তিনি এখনও নিশ্চিত কোনো তথ্য পাননি। সুইটির বোনের স্বামী আবদুল বারেক আনসার বাহিনীর সদস্য হিসেবে পূজার দায়িত্ব পালন করছিলেন। তাকে ডেকে এনে গণমাধ্যমে প্রকাশিত সুইটি আক্তারের ছবি দেখানো হলে তিনি ওই নারীকে নিজের শ্যালিকা হিসেবে শনাক্ত করেন। তবে মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি তিনিও নিশ্চিত করতে পারেননি।

সুইটি আক্তারের মা বলেন, মেয়ের স্বামী আরেকটি বিয়ে করায় আমরা তাকে বাড়িতে নিয়ে আসি। পরে মেয়ে আর সংসারে থাকতে চায়নি। সে বিদেশে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলে তাকে সৌদি আরবে পাঠানো হয়। প্রথমদিকে মেয়ের সঙ্গে আমাদের যোগাযোগ ভালোই ছিল। কিন্তু হঠাৎ করেই তার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়।

তিনি আরও বলেন, পরে মেয়ের এক বান্ধবী ফোন করে জানায়, সুইটি এক বছর ধরে সৌদি আরবের জেলে রয়েছে। এখন জানতে পারলাম, আমার মেয়েকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমরা কিছুই বুঝে উঠতে পারছি না। মেয়ের এমন পরিণতিতে আমরা দিশাহারা। এ জন্য তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সৌদি আরবে সুইটি আক্তারের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা সম্পর্কে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো তথ্য নেই।