logo

সিংড়ায় সাবেক ইউপি চেয়ারম্যানকে মারধর যুবদল নেতার

সিংড়ায় সাবেক ইউপি চেয়ারম্যানকে মারধর যুবদল নেতার

নাটোরের সিংড়ায় ইউনিয়ন যুবদল নেতার বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক এক চেয়ারম্যানকে মারধরের অভিযোগ উঠেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার ছাতারদীঘি ইউনিয়নের কালিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। আহত সাবেক ইউপি চেয়ারম্যান আলতাব হোসেনকে (৬০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আলতাব হোসেন ছাতারদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির সহসভাপতি। অভিযুক্ত শামিম হোসেন একই ইউনিয়নের যুবদলের যুগ্ম আহ্বায়ক।

সিংড়া থানা-পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে কালিগঞ্জ বাজারের একটি চায়ের দোকানে বসে ছিলেন আলতাব হোসেন। এ সময় শামিম হোসেন সেখানে গিয়ে তাকে চড়-থাপ্পড় ও কিল-ঘুসি মারেন। পরে স্থানীয়রা আলতাব হোসেনকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্থানীয়রা জানান, ২০১৭ সালে একই বাজারে একটি ঘটনার জেরে শামিম হোসেনকে মারধর করা হয়। সেই ঘটনার রেশ ধরেই শনিবারের এ হামলা হয়েছে বলে স্থানীয়দের ধারণা।

আহত আলতাব হোসেন অভিযোগ করেন, শামিম হোসেন অতর্কিতভাবে তার ওপর হামলা চালান এবং পুকুরের মাছ বিক্রির লক্ষাধিক টাকা ছিনিয়ে নেন। তিনি বলেন, ‘নির্বাচনে আমি বিএনপির বিদ্রোহী প্রার্থী দাউদার মাহমুদের পক্ষে কাজ করেছিলাম। হয়তো সেই আক্রোশে আমাকে মারধর করা হয়েছে।’

তবে যুবদল নেতা শামিম হোসেন বলেন, ‘২০১৭ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করেছিলাম। সে সময় আলতাব হোসেন আওয়ামী লীগে ছিলেন এবং আমাকে মারধর করেছিলেন। সেই ক্ষোভ থেকেই আজ (শনিবার) তাকে দুটি চড় দিয়েছি। ছিনতাইয়ের অভিযোগ সঠিক নয়।’

এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আবদুর নূর বলেন, ঘটনাটি শুনেছি। তবে এ বিষয়ে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।