বজ্রাঘাতে ট্রেনের ছাদে থাকা যাত্রীর মৃত্যু

নরসিংদীতে ট্রেনের ছাদে ভ্রমণ করার সময় সজিব সরকার নামে এক যাত্রী বজ্রাঘাতে মারা গেছেন।
রোববার (২৪ মে) বিকেল ৫টার দিকে ঘোড়াশাল ব্রিজ অতিক্রমের সময় উপকূল এক্সপ্রেস ট্রেনের ছাদে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজিব সরকার (৪০) রায়পুরা উপজেলার পলাশতুলী এলাকার সামসুল হক সরকারের ছেলে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক দিলীপ চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি নরসিংদীর পলাশ ঘোড়াশাল ব্রিজ অতিক্রমের সময় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এ সময় ট্রেনের ছাদে থাকা সজিব সরকার বজ্রপাতে ছাদেই মারা যান।
তিনি বলেন, ট্রেনটি নরসিংদী রেলস্টেশনে থামার পর ছাদ থেকে মরদেহ নামানো হয়। পরে তার সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পরিচয় শনাক্ত করা হয়।
নিহতের পরিবারের লোকজন পুলিশ ফাঁড়িতে আসার পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক দিলীপ চন্দ্র সরকার।