সাবেক ভূমিমন্ত্রীর বাসা থেকে আ.লীগ নেতা মুরাদ গ্রেপ্তার

ক্ষমতার অপব্যবহার, অপহরণ ও নিষিদ্ধঘোষিত রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী মুরাদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রোববার (৯ আগস্ট) রাজধানীর গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে এখনও চট্টগ্রামে আনা হয়নি, তবে চট্টগ্রাম আনোয়ারা থানার দুটি মামলায় শ্যোন অ্যারেস্ট (গ্রেপ্তার) দেখানোর আবেদন করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে ক্ষমতার অপব্যবহার, সাধারণ মানুষকে অপহরণ, মুক্তিপণ আদায় এবং রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে মুরাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালের অক্টোবরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে আনোয়ারা থানায় দায়ের করা একটি মামলায় মুরাদকেও আসামি করা হয়েছিল।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুনায়েত চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকায় গ্রেপ্তার হওয়া আনোয়ারার আওয়ামী লীগ নেতা মুরাদ আমাদের থানার দুটি মামলার এজাহারনামীয় আসামি। আনোয়ারা থানায় দায়ের হওয়া উক্ত দুই মামলায় তাকে ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানোর আবেদন ঢাকা সিএমএম (চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট) আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ চট্টগ্রাম-১৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুর দীর্ঘদিনের ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি প্রয়াত এই নেতার ছেলে আনিসুজ্জামান চৌধুরী রনির পিএস হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন।
.png)


