logo

জগতি চিনিকল চালু না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত নেতার

জগতি চিনিকল চালু না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত নেতার
কুষ্টিয়ার ঐতিহাসিক জগতি চিনিকল গেটে জামায়াতে ইসলামী কুষ্টিয়া সদর উপজেলা শাখার উদ্যোগে সমাবেশে নেতারা। ছবি: এশিয়া পোস্ট

ঐতিহাসিক জগতি চিনিকল পুনরায় চালু, আখচাষীদের ন্যায্য অধিকার নিশ্চিত এবং বন্ধ কারখানার শ্রমিকদের কর্মসংস্থান ফিরিয়ে দেওয়ার দাবিতে কুষ্টিয়ায় প্রতিবাদ ও গণসমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সমাবেশ থেকে অবিলম্বে চিনিকলটির মাড়াই কার্যক্রম চালুর দাবি জানানো হয়। একই সঙ্গে আধুনিকায়নের মাধ্যমে কারখানাটি চালু করা না হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে কুষ্টিয়ার ঐতিহাসিক জগতি চিনিকল গেটে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া সদর উপজেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলার নায়েবে আমির ও কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মো. আবদুল গফুর বলেন, ঐতিহাসিক জগতি চিনিকল কুষ্টিয়ার অর্থনীতি ও কর্মসংস্থানের অন্যতম প্রধান কেন্দ্র। দীর্ঘদিন ধরে কারখানাটি বন্ধ থাকায় হাজার হাজার শ্রমিক পরিবারের জীবন-জীবিকায় সংকট তৈরি হয়েছে। পাশাপাশি আখচাষীরাও তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

তিনি বলেন, অবহেলা ও অব্যবস্থাপনার কারণে একটি শিল্পপ্রতিষ্ঠান এভাবে ধ্বংস হতে পারে না। অবিলম্বে চিনিকলটি পুনরায় চালু করে শ্রমিকদের কর্মসংস্থান ফিরিয়ে আনা এবং আঞ্চলিক অর্থনীতিকে সচল করার দাবি জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেন, কৃষক ও শ্রমিকেরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। জগতি চিনিকল বন্ধ থাকায় হাজার হাজার পরিবার অনিশ্চয়তার মধ্যে পড়েছে। আধুনিকায়নের মাধ্যমে দ্রুত কারখানাটি চালু করা না হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন বলেন, চিনিকলটি দ্রুত চালু করা হলে কুষ্টিয়াসহ দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। কারখানাটি চালুর দাবিতে সংসদ ও রাজপথে জোরালো ভূমিকা রাখার কথাও জানান তিনি।

কুষ্টিয়া সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা শরিফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি মো. এনামুল হক, সহকারী সেক্রেটারি মো. খাইরুল ইসলাম রবিন, মিরপুর উপজেলা আমির রেজাউল করিম, কুষ্টিয়া শহর আমির আনিসুর রহমান পারভেজ, সুগার মিল আখচাষী কল্যাণ সমিতির সভাপতি আলম মালিথা ও সেক্রেটারি মীর শাহাবুর রহমান খয়বার।

এ ছাড়া বক্তব্য দেন শ্রমিক নেতা নুরুল ইসলাম নূরী, সিবিএর সাবেক সভাপতি জাহিদুল ইসলাম লতিফ ও নিজামুল করিম এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি এস এম মহসিন আলী।

সমাবেশে কুষ্টিয়া সুগার মিল আখচাষী কল্যাণ সমিতি, সিবিএ, শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং জামায়াতে ইসলামীর স্থানীয় শাখা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় স্থানীয় শ্রমিক, কর্মচারী, আখচাষী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।