ট্যাংকলরি থেকে তেল চুরির সময় হাতেনাতে আটক ৫

খুলনায় ডিপোর মধ্যে ট্যাংকলরি থেকে অকটেন চুরির সময় পাঁচজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে পদ্মা ডিপোর ভেতর ১০ লিটার অকটেনসহ তাদের আটক করা হয়।
পরে খুলনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা খানুন তাদের ১০ হাজার টাকা জরিমানা করেন।
প্রশাসন সূত্রে জানা যায়, শুক্রবার খুলনা মহানগরীর খালিশপুর এলাকায় পদ্মা ডিপোর ভেতর ট্যাংকলরি (খুলনা মেট্রো-ঢ, ৪১-০০৭১) থেকে মাগুরার ট্যাংকলরি চালক ইমরান, তার সহকারী সম্রাট, হেল্পার মিন্টি, রানা ও বিল্লাল ড্রামে অকটেন চুরি করার সময় তাদের আটক করা হয়।
খুলনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা খানুন বলেন, খবর পেয়ে পদ্মা ডিপোতে গিয়ে হাতেনাতে ১০ লিটার তেলসহ পাঁচজনকে আটক করা হয়। তেল চুরির অভিযোগ তারা স্বীকার করে। এর মূল হোতা ছিলেন গাড়ির চালক। এজন্য তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং তেল জব্দ করা হয়।