বগুড়ায় নিহত স্কুলছাত্রের মাকে চাকরি দিল সিটি করপোরেশন

বগুড়ায় হত্যাকাণ্ডের শিকার স্কুলছাত্র মনিরুল ইসলাম গালিবের মাকে চাকরি দিয়েছে বগুড়া সিটি করপোরেশন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নগর ভবনে সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন নিহত গালিবের মা ইয়াসমিন খাতুনের হাতে নিয়োগপত্র তুলে দেন। আগামী ১ ডিসেম্বর চাকরিতে যোগ দেবেন তিনি।
ইয়াসমিন খাতুন বগুড়া সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের ঠনঠনিয়া নতুনপাড়া এলাকার বাসিন্দা। গত ১৯ নভেম্বর রাতে হামলার ঘটনায় তার ছেলে স্কুলছাত্র মনিরুল ইসলাম গালিব নিহত হন।
সন্তানকে হারিয়ে শোক ও অসহায়ত্বের মধ্যে দিন কাটছে পরিবারটির। এমন পরিস্থিতিতে পরিবারকে আর্থিক সহায়তা ও ইয়াসমিন খাতুনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে সিটি করপোরেশন এ উদ্যোগ নেয়।
নিয়োগপত্র তুলে দেওয়ার সময় সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, নিহত গালিবের পরিবারের পাশে দাঁড়ানো তাদের মানবিক দায়িত্ব। তার মায়ের কর্মসংস্থানের ব্যবস্থা করে পরিবারটির পাশে থাকার চেষ্টা করেছেন তারা। ভবিষ্যতেও অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে বগুড়া সিটি করপোরেশন থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাঈদ আলী ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুজ্জামান।

