চাঁদপুরে ইলিশের পর বাড়ল ডিমের দাম, কেজি ৬ হাজার টাকা

ইলিশের রাজধানী খ্যাত চাঁদপুরের ঐতিহ্যবাহী বড়স্টেশন মাছঘাটে ইলিশের পাশাপাশি দাম বেড়েছে ইলিশের ডিমেরও। বাজারে চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম থাকায় গত বছরের তুলনায় চলতি মৌসুমে ইলিশের ডিমের দাম প্রায় দ্বিগুণ হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বড়স্টেশন মাছঘাট ঘুরে দেখা গেছে, বর্তমানে প্রতি কেজি ইলিশের ডিম বিক্রি হচ্ছে ৫ হাজার ৫০০ থেকে ৬ হাজার টাকায়, যা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে।
মাছঘাটের ব্যবসায়ীরা জানান, গত বছর একই সময়ে প্রতি কেজি ইলিশের ডিম বিক্রি হয়েছিল আড়াই হাজার থেকে ৩ হাজার টাকায়। কিন্তু এবার ডিমওয়ালা ইলিশ মাছ বাজারে কম আসায় ডিমের সংকট তৈরি হয়েছে। ফলে অল্প সময়ের ব্যবধানে দাম প্রায় দ্বিগুণ বেড়েছে।
ব্যবসায়ীদের মতে, দিন দিন ইলিশের ডিমের চাহিদা বাড়ছে। বিশেষ করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেক ক্রেতা চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে আসেন কেবল ইলিশের ডিম কিনতে। কিন্তু সে তুলনায় সরবরাহ পর্যাপ্ত নয়।
মাছ ব্যবসায়ী নাহিদ হোসেন জানান, অন্যান্য বছর ডিমওয়ালা ইলিশ অনেক বেশি পাওয়া যেত। কিন্তু এবার তা বেশ কম। ক্রেতাদের চাহিদানুযায়ী ডিম সরবরাহ করা সম্ভব হচ্ছে না। মূলত যোগান কম ও চাহিদা বেশি থাকায় ডিমের দাম এভাবে বেড়েছে।
আরেক ব্যবসায়ী নবীর হোসেন বলেন, আগে ঘাটের প্রায় প্রতিটি দোকানেই ইলিশের ডিম পাওয়া যেত। কিন্তু এখন সংকটের কারণে মাত্র দুই-তিনজন ব্যবসায়ী তা বিক্রি করতে পারছেন। তিনি আরও জানান, বর্তমানে ঘাটে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টাকায়। সামনে ইলিশের সরবরাহ বাড়লে ডিমের দামও কিছুটা কমে আসতে পারে।
এদিকে আকাশচুম্বী দাম সত্ত্বেও ভোজনরসিক অনেক ক্রেতা স্বাদের টানে ইলিশের ডিম কিনছেন। তবে সাধারণ ক্রেতারা বলছেন, এই চড়া দামে ইলিশের ডিম কেনা তাদের পক্ষে সম্ভব নয়।
চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার জানান, বর্তমানে প্রতিদিন ঘাটে ২০ থেকে ২৫ কেজির বেশি ইলিশের ডিম মিলছে না। ইলিশ থেকে সংগৃহীত ডিম আলাদা করে বিক্রি করা হয়। আগে দেশের বিভিন্ন জেলায় ডিম পাঠানো হলেও এখন ঘাটেই সব বিক্রি হয়ে যায়। গত বছরের তুলনায় এবার বাজারে এক-তৃতীয়াংশ ডিমও নেই। ইলিশের সরবরাহ বাড়লে এই সংকট কেটে যাবে এবং দামও সহনীয় পর্যায়ে নামবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
.png)






