logo

দীপেন দেওয়ানের পদত্যাগ নিয়ে কেন্দ্রীয় বিএনপি নেতার বিস্ফোরক মন্তব্য

দীপেন দেওয়ানের পদত্যাগ নিয়ে কেন্দ্রীয় বিএনপি নেতার বিস্ফোরক মন্তব্য
মনীষ দেওয়ান ও দীপেন দেওয়ান। ছবি : সংগৃহীত

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগের পর এ নিয়ে নানা আলোচনার সৃষ্টি হয়েছে। এর মধ্যেই বিষয়টি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির উপজাতি বিষয়ক সহসম্পাদক ও সাবেক সেনা কর্মকর্তা মনীষ দেওয়ান।

মঙ্গলবার (২ জুন) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে তিনি দাবি করে বলেন, ‘রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নের সুপারিশকে কেন্দ্র করেই পদত্যাগ করতে হয়েছে মন্ত্রী দীপেন দেওয়ানকে।’

পোস্টে মনীষ দেওয়ান লেখেন, ‘এ মুহূর্তে দেশ ও জাতির প্রয়োজনে সত্যকথনের জরুরি দরকার। দীপেন দেওয়ান তার মন্ত্রিত্ব হারিয়েছেন শুধুমাত্র একটি কারণে। তিনি আসন্ন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়ার জন্য সুপারিশ করেছিলেন বীর মুক্তিযোদ্ধা, ১৭ ডিসেম্বর ’৭১-এ রাঙামাটিতে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনকারী, ’৭১-এ শহীদ জিয়ার সহযোদ্ধা, ৩৬ জুলাই আন্দোলনের প্রথম সারির যোদ্ধা, কেন্দ্রীয় বিএনপির উপজাতিবিষয়ক সহসম্পাদক, সাবেক সেনা কর্মকর্তা লে. কর্নেল মনীষ দেওয়ানকে।’

‘পক্ষান্তরে পার্বত্য মন্ত্রী (প্রতিমন্ত্রী) ব্যারিস্টার মীর হেলাল চেয়েছিলেন, দীপেন তালুকদার দিপু, সভাপতি, জেলা বিএনপিকে যিনি জুলাই আন্দোলনে ছয় মাস রাঙামাটি থেকে গা ঢাকা দিয়ে পলাতক ছিলেন (স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী অবগত ছিলেন) এবং ৫ আগস্টের পর বিভিন্ন ধরনের চাঁদাবাজি, টেন্ডারবাজি ও কুখ্যাত আওয়ামী নেতাদের প্রশ্রয় দিয়ে বিতর্কিত হয়েছেন, যা রাঙামাটিবাসী সকলেই অবগত আছেন।’

মনীষ দেওয়ান আরও লেখেন, ‘খুবই দুঃখজনক যে সুপারিশের এই দ্বন্দ্বে আমাদের পূর্ণ মন্ত্রী, পাহাড়ি-বাঙালির প্রিয় নেতা, সর্বোচ্চ ভোটে আমরা যাকে নির্বাচিত করেছি, তিনি হেরে গেছেন। শুধু তাই নয়, তাকে তার ইচ্ছার বিরুদ্ধে পদত্যাগপত্র আদায় করা হয়েছে। আমি এ বিচারের ভার দেশপ্রেমিক পার্বত্যবাসী ও দেশবাসীর উদ্দেশে নিবেদন করলাম।’

জানতে চাইলে ফেসবুক পোস্টে দেওয়া বক্তব্য নিজের জানিয়ে মনীষ দেওয়ান বলেন, ‘মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ নিয়ে বিভিন্নজন বিভিন্ন জল্পনা-কল্পনা করছেন। আসল ঘটনা খোলাসা করার জন্য আমি এই পোস্ট দিয়েছি। তার ইচ্ছার বিরুদ্ধে পদত্যাগপত্র আদায় করা হয়েছে।’

মনীষ দেওয়ানের ফেসবুক পোস্ট সম্পর্কে জানতে চাইলে জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার বলেন, ‘আমি ওনার এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। তার ব্যক্তিগত বিষয় এটি। তবে আমি চেয়ারম্যান পদে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছিলাম। আমার নেতা জানেন আমি কী করেছি, কোথায় ছিলাম।’

তবে সংশ্লিষ্ট একাধিক রাজনৈতিক সূত্র জানিয়েছে, দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী হওয়ার পর থেকে অস্বস্তিতে ছিলেন। দীপেন দেওয়ানের পদত্যাগের কারণ হিসেবে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সঙ্গে দূরত্ব ছিল বলে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তুলে ধরছেন।

অনেক ধারণা করছেন, পার্বত্য জেলা পরিষদ গঠন নিয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মধ্যে দূরত্ব বেড়েছিল।

তবে এ বিষয়ে বক্তব্য জানতে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের মুঠোফোন নম্বরে যোগাযোগ করা হলেও কথা বলা সম্ভব হয়নি।