সরকারি জমিতে যুবদল নেতার স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন

এশিয়া পোস্ট নিউজ, শরীয়তপুর
সরকারি জমিতে যুবদল নেতার স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন
অভিযানে গুড়িয়ে দেওয়া স্থাপনা। রোববার রাতে শরীয়তপুর শহরে। ছবি: এশিয়া পোস্ট

শরীয়তপুরে সরকারি জমিতে অবৈধভাবে গড়ে তোলা এক যুবদল নেতার ব্যক্তিগত স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন।

রোববার (৫ জুলাই) রাতে অভিযান চালিয়ে শহরের দুবাই প্লাজার সামনে নির্মাণ করা টিনশেড স্থাপনাটি উচ্ছেদ করা হয়।

অভিযানে স্থাপনাটি ভেঙে ফেলা হয়। সেখানে থাকা টিন, কাঠসহ বিভিন্ন নির্মাণসামগ্রী তাৎক্ষণিক নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।

সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি নাফিস এলাহির নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়। এ সময় পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কয়েক দিন আগে রাতের বেলা সরকারি জমি দখল করে একটি টিনশেড স্থাপনা নির্মাণ করেন পৌরসভা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান ব্যাপারী। প্রশাসনের নজরে এলে সংশ্লিষ্ট ব্যক্তিকে গত ৩০ জুনের মধ্যে স্বেচ্ছায় স্থাপনা অপসারণের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা মানা না হওয়ায় বাধ্য হয়ে প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন বলেন, কয়েক দিন জানতে পেরে তাৎক্ষণিক স্থাপনাটি সরাতে বলি। তিনি অসুস্থ থাকার কথা বলে ৩০ জুন পর্যন্ত সময় নেন। নির্ধারিত সময় পার হলেও স্থাপনাটি না সরানোর কারণে অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও বলেন, সরকারি জমি দখল করে কোনো ধরনের স্থাপনা নির্মাণ দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অবৈধ দখলের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।