ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

ঝিনাইদহের মহেশপুরে আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক ফার্মেসি ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে মামলার তদন্তে নেমে অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামি মাহবুবুর রহমান (৩০) ও মিজানুর রহমান ছোটকে (৩৫) গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানায়, মহেশপুর উপজেলার দত্তনগর বাজারের ‘মায়ের দোয়া ফার্মেসি’র মালিক মো. নুর নবী (৩১) এ ঘটনায় বাদী হয়ে মহেশপুর থানায় মামলা করেন। মামলায় চারজনকে আসামি করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, ওষুধের পাওনা ১ হাজার ৫২৫ টাকা আদায়ের জন্য গত ১ এপ্রিল খালিশপুর গ্রামের একটি ভাড়া বাসায় যান নুর নবী। সেখানে আগে থেকেই ওত পেতে থাকা আসামিরা কৌশলে এক নারীর সঙ্গে তাকে দাঁড় করিয়ে মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে তার কাছে দেড় লাখ টাকা চাঁদা দাবি করা হয়। মান-সম্মান ও প্রাণনাশের আশঙ্কায় ভুক্তভোগী বিকাশ ও নগদ অ্যাকাউন্টের মাধ্যমে ৭০ হাজার টাকা দিতে বাধ্য হন।
এরপর গত ২১ জুলাই আবারও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আরও টাকা দাবি করা হলে ভুক্তভোগী বিকাশের মাধ্যমে আরও ২ হাজার ২৭ টাকা পাঠান। এভাবে অভিযুক্তরা তার কাছ থেকে মোট ৭২ হাজার ২৭ টাকা হাতিয়ে নেয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে বিষয়টি কাউকেই না জানাতে হত্যার হুমকিও দেওয়া হয়।
অভিযোগের ভিত্তিতে ২২ জুলাই মহেশপুর থানায় মামলা নথিভুক্ত করা হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়েছে। এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
.png)






