বান্দরবানে উৎসবমুখর পরিবেশে এশিয়া পোস্টের উদ্বোধন

নতুন ধারার গণমাধ্যম হিসেবে যাত্রা শুরু করলো এশিয়া পোস্ট। সোমবার (১১ মে) এ উপলক্ষ্যে বান্দরবান প্রেস ক্লাবে এক বর্ণাঢ্য শুভ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এডভোকেট মাধবী মারমা।
তিনি বলেন, গণমাধ্যম একটি দেশের উন্নয়ন, গণতন্ত্র ও জনসচেতনতা বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাংবাদিকদের দায়িত্ব হচ্ছে বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। সঠিক সংবাদ প্রচারের মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি তুলে ধরা সম্ভব এবং জাতিকে সঠিক পথে এগিয়ে নেওয়া যায়।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে অপপ্রচার ও গুজবের ভিড়ে দায়িত্বশীল সাংবাদিকতার প্রয়োজনীয়তা আরও বেড়েছে। আমি আশা করি এশিয়া পোস্ট সত্য ও ন্যায়ের পক্ষে থেকে মানুষের কথা বলবে এবং দেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বান্দরবান পার্বত্য জেলার আমীর জনাব এস এম আবদুচ ছালাম।
তিনি বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে সাংবাদিকদের নিরলসভাবে কাজ করতে হয়। একটি দায়িত্বশীল গণমাধ্যম সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দুর্নীতির বিরুদ্ধে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এশিয়া পোস্ট যেন সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে পারে সেই প্রত্যাশা করছি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মজিবর রহমান। তিনি বলেন, পার্বত্যাঞ্চলের নানা সম্ভাবনা, সমস্যা ও সাধারণ মানুষের কথা জাতীয় পর্যায়ে তুলে ধরতে স্থানীয় গণমাধ্যমের বিকাশ অত্যন্ত জরুরি। এশিয়া পোস্ট সেই দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবে বলে আমরা আশাবাদী।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ তার বক্তব্যে বলেন, পুলিশ ও সাংবাদিকদের অনেক সময় একসাথে মাঠে-ময়দানে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। অপরাধ দমন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য জনগণের সামনে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসন ও গণমাধ্যম পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি। এসময় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা এশিয়া পোস্টের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নতুন এই গণমাধ্যমের সফলতা কামনা করেন এবং সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে মানুষের পাশে থাকার আহ্বান জানান।