সীমান্তে বিজিবির অভিযানে ১৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৩ লাখ টাকার বিপুল পরিমাণ ভারতীয় মদ ও শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৬ নভেম্বর) দিনব্যাপী বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধীনস্থ কেতরাংগা, খেজুরিয়া ও ছাগলনাইয়া বিওপির টহল দলগুলো পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে চোরাচালান হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালায় বিজিবির আভিযানিক দলগুলো। এ সময় সীমান্ত এলাকার বিভিন্ন পয়েন্ট থেকে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় মদ ও শাড়ি জব্দ করা হয়। জব্দ করা এসব চোরাচালানি পণ্যের দাম ১৩ লাখ ৫৪ হাজার ৫০০ টাকা।
বিষয়টি নিশ্চিত করে ফেনী বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসিবুল ইসলাম এশিয়া পোস্টকে জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে ৪ বিজিবির এমন কঠোর ও তৎপর অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।