নরসিংদীতে বাড়িতে ঢুকে গুলি করে ফুচকা বিক্রেতাকে হত্যা

নরসিংদী শহরের চৌয়ালা মহল্লায় বাড়িতে ঢুকে হামলা ও গুলির ঘটনায় আব্দুল্লাহ ওরফে বাবু (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় রুবেল (৩০) ও মিরাজ (২০) নামে আরও দুজন আহত হয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে লোকমান হোসেন পৌর মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ চৌয়ালা এলাকার আব্দুল কাদিরের ছেলে। তিনি পেশায় ফুচকা বিক্রেতা ছিলেন।
পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবু লাল ও হেলাল নামে স্থানীয় দুটি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আগে আবু লাল ও হেলাল একই অপরাধী চক্রের সঙ্গে যুক্ত ছিলেন। পরে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। এলাকাভিত্তিক আধিপত্য, ছিনতাই ও চাঁদাবাজিকে কেন্দ্র করে দুপক্ষের বিরোধ আরও বাড়ে। দুপক্ষের সদস্যদের বিরুদ্ধে হত্যা, চুরি ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য, শুক্রবার বিকেলে আবু লাল গ্রুপের লোকজন একটি বাড়িতে ঢুকে হামলা চালায়। এ সময় আব্দুল্লাহ ওরফে বাবুকে গুলি করা হয়। পরে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে বাবুর বড় ভাই রুবেল এবং অপর পক্ষের মিরাজ আহত হন। গুলিবিদ্ধ অবস্থায় আব্দুল্লাহকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন বলেন, লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আহত মিরাজকে আটক করা হয়েছে
