logo
Advertisement

পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুসিতে ব্যবসায়ীর মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ,সিলেট
পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুসিতে ব্যবসায়ীর মৃত্যু
প্রতীকী ছবি

সিলেটের বিয়ানীবাজারে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ক্রেতার কিল-ঘুসিতে এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

Advertisement

শনিবার (১১ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার বিবিরাই বাজারে এই ঘটনা ঘটে।

নিহত আলী হোসেন (৩৮) উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের বিবিরাই পশ্চিমপাড়া গ্রামের নজির উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় বিবিরাই বাজারের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিয়ানীবাজার উপজেলার বিবিরাই পশ্চিমপাড়া গ্রামের পাওয়ার টিলারচালক শাহিনুর রহমান শনিবার রাতে আলী হোসেনের দোকানে ডিজেল কিনতে যান। এ সময় দোকানদার আলী হোসেন তার কাছে আগের বকেয়া টাকা পরিশোধ করার তাগিদ দেন। এ নিয়ে উভয়ের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শাহিনুর রহমান চরম উত্তেজিত হয়ে ব্যবসায়ী আলী হোসেনের নাকে ও মুখে সজোরে ঘুসি মারেন। এতে আলী হোসেন সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই অভিযুক্ত শাহিনুর রহমান এলাকা ছেড়ে পালিয়ে যান।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল করিম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ঘাতক শাহিনুর রহমানকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।