লালদীঘিতে ১১ দলের সমাবেশে নেতাকর্মীদের ঢল

চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। সমাবেশ ঘিরে দুপুরের পর থেকেই চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ব্যানার-ফেস্টুনসহ দলে দলে নেতাকর্মীরা সমাবেশস্থলে এসে জড়ো হতে থাকেন।
শনিবার (১৩ জুন) বিকেল ৩টা থেকে আনুষ্ঠানিকভাবে এই সমাবেশ শুরু হয়।
গণরায়ের বাস্তবায়ন, বাজারদরের ঊর্ধ্বগতি রোধ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাসহ নানামুখী জনস্বার্থসংশ্লিষ্ট দাবিতে এই বিভাগীয় সমাবেশের আয়োজন করেছে ১১ দলীয় জোট। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
এ ছাড়া বক্তব্য দেবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, বাংলাদেশ খেলাফত মজলিশের আমির আল্লামা মামুনুল হক, খেলাফত মজলিশের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চান এবং আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ ১১ দলের কেন্দ্রীয়, জেলা ও মহানগরের নেতারা।
জোটের শীর্ষ নেতাদের বক্তব্য শুনতে লালদীঘি ময়দান ছাড়িয়ে আশপাশের এলাকা ও সংযোগ সড়কগুলোতে নেতাকর্মী ও সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। সমাবেশস্থল ও এর আশপাশে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। জোটের নেতারা একে ঐতিহাসিক গণজাগরণ উল্লেখ করে বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট উত্তরণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন।