নীলফামারীতে অবৈধভাবে সার মজুত, ৭৯৫ বস্তা জব্দ

নীলফামারী সদর উপজেলার কচুকাটা বাজারে অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুটি দোকানের গুদাম থেকে ৭৯৫ বস্তা সার জব্দ করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কচুকাটা বাজারে মেসার্স ভাই ভাই ট্রেডার্সে অভিযান চালানো হয়। উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদের নেতৃত্বে কৃষি বিভাগের একটি দল অভিযান পরিচালনা করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুবাশ্বিরা আমাতুল্লাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে মেসার্স ভাই ভাই ট্রেডার্সের মালিক শহিদুল্লাহ ওরফে যাদু মিয়ার কাছে সার বিক্রির বৈধ লাইসেন্স ও সার সংগ্রহের প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়ায় তার গুদাম থেকে ৫০০ বস্তা এমওপি, ১৯৩ বস্তা টিএসপি, ৩৭ বস্তা ডিএপি ও ১৮ বস্তা ইউরিয়াসহ মোট ৭৪৮ বস্তা সার জব্দ করা হয়। একই সঙ্গে তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া একই অভিযানে শহিদুল্লাহর ভাই শাহজাহানের দোকান থেকেও ৪৭ বস্তা সার জব্দ করা হয়। তাকে অবৈধভাবে সার মজুতের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুবাশ্বিরা আমাতুল্লাহ বলেন, অভিযুক্ত কোনো সারের ডিলার নন। তিনি মূলত কীটনাশকের ডিলার। অবৈধভাবে এসব সার ক্রয় করে প্রায় ৭৪৮ বস্তা সার মজুত করেছেন। পাশাপাশি তিনি দ্বিগুণ দামে সার বিক্রি করছিলেন। এ কারণে তাকে জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, জব্দ করা সার উপজেলা কৃষি কর্মকর্তার মাধ্যমে কৃষক পর্যায়ে নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে। জরিমানার অর্থ এবং সার বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।


