অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, ২০ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন এবং বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া পণ্যের মোড়কে সংস্থাটির লোগো ব্যবহারের অভিযোগে একটি আইসক্রিম কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে মুক্তারপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ‘চকো আইসক্রিম ফ্যাক্টরিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন ধরনের আইসক্রিম প্রস্তুত করতে দেখা যায়। একই সঙ্গে বিএসটিআইয়ের লাইসেন্স না নিয়েই আইসক্রিমের মোড়কে লোগো ব্যবহারের বিষয়টি ধরা পড়ে।
এ অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজার মোহাম্মদ শাহ আলমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কারখানাটিতে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ ও স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্যপণ্য তৈরির নির্দেশনা দেওয়া হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা ও মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।


