Advertisement

বেইলি ব্রিজ দেবে বান্দরবান-রাঙামাটি সড়কে ভারী যান চলাচল বন্ধ

এশিয়া পোস্ট নিউজ, বান্দরবান
বেইলি ব্রিজ দেবে বান্দরবান-রাঙামাটি সড়কে ভারী যান চলাচল বন্ধ
ভারী বৃষ্টির কারণে বেইলি ব্রিজের নীচের মাটি সরে গেছে। ছবি : এশিয়া পোস্ট

বান্দরবান-রাঙামাটি মহাসড়কের স্বর্ণমন্দির সংলগ্ন বাকীছড়া এলাকার একমাত্র বেইলি ব্রিজটির এক-তৃতীয়াংশ হঠাৎ দেবে গেছে। এরপর থেকেই দুর্ঘটনা এড়াতে মহাসড়কে সব ধরনের ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকাল প্রায় ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে দুই জেলার মধ্যে পণ্য পরিবহন, যাত্রী চলাচল ও জরুরি সেবায় বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক টানা ভারী বৃষ্টিপাত, পাহাড়ি ঢল এবং অতিরিক্ত ভারী যানবাহনের চাপের কারণে ব্রিজটির কাঠামো আগে থেকেই দুর্বল হয়ে পড়েছিল। শনিবার সকালে ব্রিজের একটি বড় অংশ হঠাৎ দেবে গেলে তাৎক্ষণিকভাবে বাস, ট্রাক ও লরিসহ অন্যান্য ভারী যানবাহনের চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বর্তমানে মোটরসাইকেল ও অটোরিকশার মতো হালকা যানবাহনগুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে সীমিত আকারে চলাচল করছে।

দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে অসংখ্য পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস ও লরি আটকা পড়েছে। এতে নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনে স্থবিরতা নেমে এসেছে। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, দ্রুত ব্রিজটি মেরামত করা না হলে বাজারে পণ্যের সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবহন ব্যয়ও কয়েক গুণ বেড়ে যেতে পারে।

বাকীছড়া এলাকার বাসিন্দা মো. আব্দুল করিম বলেন, ব্রিজটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। আমরা একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি, কিন্তু স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আজ ব্রিজের একটি অংশ দেবে যাওয়ায় পুরো এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়েছে। দ্রুত সংস্কার না করলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের বান্দরবান সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা ব্রিজের ক্ষয়ক্ষতি পরিদর্শন করছেন। দ্রুত মেরামতের কাজ শুরু করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে যত দ্রুত সম্ভব সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক করা যায়।