logo

রামপালে শেখ আহাদ হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে ২ আসামি গ্রেপ্তার

রামপালে শেখ আহাদ হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে ২ আসামি গ্রেপ্তার
ছবি: এশিয়া পোস্ট

বাগেরহাটের রামপালে শেখ আহাদ আহমেদ ইতু (২৩) হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে খুলনা জেলার ফুলতলা থানার লারিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসআরবি-৬-এর মিডিয়া অফিসার সৈয়দ ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার দুজন হলেন, রামপাল উপজেলার কিসমত চণ্ডিতলা গ্রামের জাফর শেখের ছেলে বাকী বিল্লাহ শেখ (৪৭) ও মাসুম বিল্লাহ শেখ (৫২)।

এসআরবি-৬ সূত্রে জানা গেছে, মৎস্যঘের ও বসতবাড়ির জায়গা-জমি নিয়ে বাদীপক্ষের সঙ্গে আসামিপক্ষের দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জেরে গত ২১ সেপ্টেম্বর রামপাল উপজেলার চণ্ডীতলা গ্রামে বাদীর বাড়ির সামনের ইটের সলিং রাস্তায় আসামিরা বাদীর বাবাকে গালাগাল ও তুচ্ছ-তাচ্ছিল্য করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ সময় বাদীর ছোট ভাই শেখ আহাদ আহমেদ ইতু ঘর থেকে বের হয়ে রাস্তায় এলে তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করা হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই শেখ রাহাত বাদী হয়ে রামপাল থানায় একটি হত্যা মামলা করেন।

এসআরবি-৬-এর মিডিয়া অফিসার সৈয়দ ফজলুর রহমান জানান, মামলার এজাহার বিশ্লেষণ করে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করা হয়। পরে খুলনার ফুলতলা থানার লারিপাড়া এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।