সালিশের মধ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বউ-মেয়ে হাসপাতালে

মাদারীপুরের রাজৈরে মেয়ের শ্বশুরবাড়িতে জমি নিয়ে বিরোধের সালিশ করতে গিয়ে প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন জাকির শেখ নামে এক ফল ব্যবসায়ী। একইসঙ্গে তার স্ত্রী ও মেয়েকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার আমগ্রাম ইউনিয়নের আমগ্রাম মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে রাজৈরের আমগ্রাম এলাকায় জাকির শেখের মেয়ে জামাই রাসেল কাজীর সঙ্গে প্রতিবেশী মজিদ খানের বিরোধ চলছিল। এই বিরোধ মীমাংসার জন্য মঙ্গলবার সকালে ওই বাড়িতে সালিশের জন্য যান জাকির।
সালিশের সময় বাগবিতণ্ডার একপর্যায়ে প্রতিপক্ষ মজিদ খান ও তার ভাইয়েরা ধারাল অস্ত্র দিয়ে এলাপাতাড়ি কুপিয়ে জাকির শেখ, তার স্ত্রী রেবা বেগম ও মেয়ে তাজনূর বেগমকে জখম করে। স্বজনরা তাদের উদ্ধার করে মুমুর্ষ অবস্থায় রাজৈর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাকির শেখকে মৃত ঘোষণা করেন এবং আহত দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
নিহত জাকির শেখ উপজেলার মজুমদারকান্দি গ্রামের নুর ইসলাম শেখের ছেলে। তিনি রাজৈর বাস্ট্যান্ডে ফলের ব্যবসা করতেন।
এদিকে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত গ্রামবাসী প্রতিপক্ষ মজিদ খান ও তার ভাইদের চারটি ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও ফায়ার সার্ভিস। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য জানা যায়নি।
রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) কুতুবউদ্দিন বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।