logo

গণঅধিকার পরিষদের নেতা গ্রেপ্তার

গণঅধিকার পরিষদের নেতা গ্রেপ্তার

ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে হামলার ঘটনায় গণঅধিকার পরিষদের নেতা মামুনুর রশিদ মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১০ এপ্রিল) রাত ৯টার দিকে রাণীশংকৈল থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুরে তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ এপ্রিল রাতে রাণীশংকৈল উপজেলা পরিষদের পিআইও কার্যালয়ে রাতেও অফিস খোলা রাখাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ও ঠাকুরগাঁও-২ আসনের এমপি প্রার্থী মামুনুর রশিদ মামুনসহ তার দলের নেতাকর্মীরা কার্যালয়ে প্রবেশ করেন। একপর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা শুরু হয় এবং পরে তা মারধরের ঘটনায় রূপ নেয়। এতে কর্মকর্তা ও অফিস সহকারী আহত হন।

এ ঘটনায় পিআইও নূরনবী ইসলাম রাণীশংকৈল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, প্রতিদিনের মতো অফিস কার্যক্রম চলাকালে হঠাৎ করে মামুনুর রশিদ মামুনসহ কয়েকজন নেতাকর্মী কার্যালয়ে প্রবেশ করে অতর্কিত হামলা চালান।

রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারি বলেন, মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে মামুনুর রশিদ মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।