ফুটবল খেলা নিয়ে টর্চের আলোয় সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় চার ঘণ্টাব্যাপী এই রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।
রোববার (৫ এপ্রিল) বিকেল থেকে দুই দফায় প্রায় চার ঘণ্টাব্যাপী এই সহিংসতায় রাত ১০টা পর্যন্ত পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বিকেলে পৌরশহরের ঘোড়াকান্দা বালুর মাঠে স্থানীয় যুবকদের মধ্যে একটি ফুটবল খেলা চলছিল। খেলার একপর্যায়ে মসজিদ বাড়ি এলাকার যুবকদের সঙ্গে পলাশ সিনেমা হল মোড় এলাকার যুবকদের কথা কাটাকাটি শুরু হয়। তর্ক-বিতর্ক দ্রুত উত্তেজনায় রূপ নেয় এবং বিকেল ৫টার দিকে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রথম দফায় প্রায় দুই ঘণ্টা ধরে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ চলে। পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার পরও উত্তেজনা প্রশমিত হয়নি। রাত সাড়ে ৭টার দিকে আবারও দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ। অন্ধকারে টর্চলাইট জ্বালিয়ে চলে তাণ্ডব।
সংঘর্ষ চলাকালে আশপাশের বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বেশ কয়েকজনকে আটক করা হয়।
এ বিষয়ে ভৈরব থানার ওসি আতাউর রহমান আকন্দ বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জড়িতদের আটকের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।