জামায়াত ও আওয়ামী লীগের পুরোনো প্রেম জেগে উঠেছে: রাশেদ খাঁন

জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরোনো প্রেম ছিল, সেই প্রেম আবারও জেগে উঠেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ শহরের নতুন হাটখোলা জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, জামায়াত ও আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান নিয়ে মানুষের মধ্যে নানা প্রশ্ন রয়েছে। তার দাবি, দুই দলের মধ্যে অতীতে যে রাজনৈতিক সমঝোতা বা সম্পর্কের নজির ছিল, বর্তমান পরিস্থিতিতে তারই পুনরাবৃত্তি দেখা যাচ্ছে।
নির্বাচনে অনিয়ম বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে প্রশ্নে তিনি বলেন, নির্বাচন নিয়ে যদি কোনো ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়ে থাকে, তাহলে তা জামায়াতে ইসলামী ও এনসিপির পক্ষেই হয়েছে। সাধারণ মানুষ বিশ্বাস করে না ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলাম জনগণের প্রকৃত ভোটে জয়ী হয়ে জাতীয় সংসদে গেছেন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন দলের কর্মকাণ্ড নিয়ে জনগণের মধ্যে নানা আলোচনা রয়েছে। নির্বাচন, রাজনৈতিক দলগুলোর অবস্থান এবং ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ নিয়ে এসব আলোচনা আরও জোরালো হচ্ছে।