ঈদে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে কুমিল্লায় মতবিনিময় সভা

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মহাসড়কে যান চলাচলে শৃঙ্খলা নিশ্চিত ও যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিতে গণপরিবহনের মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন।
বুধবার (২০ মে) দুপুরে কুমিল্লা ফান টাউন এ মতবিনিময় সভা সম্পন্ন হয়।
কুমিল্লা হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের আইজি (প্রশাসন) হাবিবুর রহমান খান।
প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রহমান খান বলেন, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে মহাসড়কে নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। যাত্রীদের ভোগান্তি কমাতে যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধ এবং আইন মেনে যানবাহন চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স-পূর্ব) মুনতাসিরুল ইসলাম, পিপিএম বলেন, ঈদকে কেন্দ্র করে সড়কে বাড়তি চাপ তৈরি হয়। তাই যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে পরিবহন মালিক, শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে মহাসড়কে যানজট নিরসন, দুর্ঘটনা কমানো, ফিটনেসবিহীন যানবাহন নিয়ন্ত্রণ, অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধ এবং চালকদের দায়িত্বশীলতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।
সভায় পরিবহন মালিক ও শ্রমিক নেতারা মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে হাইওয়ে পুলিশের সঙ্গে কাজ করার আশ্বাস দেন।
এ সময় হাইওয়ে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
