Advertisement

স্বামীকে খুঁজতে পানিতে নেমে প্রাণ গেল দুজনেরই

এশিয়া পোস্ট নিউজ, নওগাঁ
স্বামীকে খুঁজতে পানিতে নেমে প্রাণ গেল দুজনেরই
হাসপাতালে স্বজনদের আহাজারি। ছবি : এশিয়া পোস্ট

নওগাঁর বদলগাছী উপজেলায় খাড়ির পানিতে গোসল করতে নেমে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (২৬ জুলাই) দুপুরে উপজেলার কার্তিকাহার গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মেহেরপুরের গাংনী উপজেলার বেদবাড়িয়া গ্রামের আবুল কাশেমের ছেলে নুর ইসলাম (২২) এবং তার স্ত্রী বদলগাছীর কার্তিকাহার গ্রামের শাহিনের মেয়ে সুমাইয়া আক্তার (১৮)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে কার্তিকাহার গ্রামের পাশের একটি খাড়িতে (নদীর মোহনা) গোসল করতে যান নুর ইসলাম ও সুমাইয়া। প্রথমে নুর ইসলাম পানিতে নামেন। কিছুক্ষণ পরও তিনি উঠছেন না দেখে চিন্তিত হয়ে পড়েন সুমাইয়া। পরে স্বামীর খোঁজে সুমাইয়া খাড়ির পানিতে ঝাঁপ দেন। কিন্তু পানির তীব্র স্রোতে দুজনেই তলিয়ে যান। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত খাড়িতে নেমে তাদের উদ্ধার করেন। পরে দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিষয় :নওগাঁ