‘জনমতের ভিত্তিতে পরিবেশবান্ধব ও পরিকল্পিত খুলনা গড়ার পরিকল্পনা’

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা বলেছেন, একটি পরিবেশবান্ধব, জনবান্ধব ও পরিকল্পিত খুলনা গড়ে তুলতে নাগরিকদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। নগর উন্নয়ন ও অবকাঠামো নির্মাণে জনগণের চাহিদা ও পরামর্শের ভিত্তিতেই ভবিষ্যৎ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
শনিবার (১১ জুলাই) সকালে কেডিএ আয়োজিত ‘আগামীর খুলনা বিনির্মাণে কেডিএ ও জনগণের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কেডিএ চেয়ারম্যান বলেন, খুলনার উন্নয়নের মূল অংশীদার নগরবাসী। তাই নতুন প্রকল্প গ্রহণ, পরিকল্পিত নগরায়ণ এবং বিদ্যমান সমস্যার সমাধানে নাগরিকদের সুচিন্তিত মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। সভায় অংশগ্রহণকারীদের সব পরামর্শ সংরক্ষণ ও লিপিবদ্ধ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি জানান, দৌলতপুরের কল্পতরু মার্কেট নির্মাণের পরও তা কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব হয়নি। তাই ভবনটি অপসারণ করে সেখানে একটি মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি একটি আধুনিক জিমনেশিয়াম স্থাপনের উদ্যোগও রয়েছে।
ফুলবাড়িগেট এলাকায় রেললাইন পারাপারের সময় প্রায়ই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে উল্লেখ করে এস এম শফিকুল আলম মনা বলেন, মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সেখানে একটি ওভারপাস নির্মাণ করা হবে।
তিনি আরও বলেন, নগরীর বিভিন্ন এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে ওঠায় পরিকল্পিত বাণিজ্যিক ও অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। একই সঙ্গে বর্তমান সোনাডাঙ্গা বাস টার্মিনালকে কারাগারের পেছনের বিস্তৃত এলাকায় স্থানান্তরের বিষয়টিও বিবেচনায় রয়েছে।
কেডিএ চেয়ারম্যান জানান, নওয়াপাড়ায় একটি শিল্পাঞ্চল গড়ে তুলতে কোরীয় বিনিয়োগকারীরা আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়া নতুন অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং প্রয়োজনীয় আবেদন প্রক্রিয়াও প্রস্তুত করা হচ্ছে।
তিনি বলেন, কেডিএকে একটি জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে প্রতি তিন মাস অন্তর নাগরিকদের সঙ্গে উন্মুক্ত মতবিনিময় সভার আয়োজন করা হবে। এসব সভায় পাওয়া অভিযোগ, পরামর্শ ও চাহিদা পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
সভায় প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্যের উপস্থিত থাকার কথা থাকলেও দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি ও বৈরী আবহাওয়ার কারণে তিনি অনুষ্ঠানে যোগ দিতে পারেননি বলে জানান কেডিএ চেয়ারম্যান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমির এজাজ খান, জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী, বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন, খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান এবং খুলনা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান।
এ ছাড়া অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম, উপ-উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশিদ খান, খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, জ্যেষ্ঠ সাংবাদিক দিদারুল আলম, বিসিবির পরিচালক মো. শফিকুল আলম তুহিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন এবং খুলনার ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।




