logo

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে সব প্রার্থীর মনোনয়ন বৈধ

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে সব প্রার্থীর মনোনয়ন বৈধ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম এই ঘোষণা দেন।

এ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র উত্তোলন করেছেন বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদার।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে জয়ী হন তারেক রহমান। দুটি আসনে নির্বাচিত হওয়ার পর শপথের আগের দিন তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিলে সেটি শূন্য ঘোষণা করা হয়। পরে নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে এই আসনের ১৫০টি কেন্দ্রে জয়ী হয়ে তারেক রহমান পান ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুর রহমান পান ৯৭ হাজার ৬২৬ ভোট।

বগুড়া সদর উপজেলা নিয়ে গঠিত এই আসনে ২০২৬ সালের জানুয়ারির হালনাগাদ তথ্য অনুযায়ী মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৭৯৬ জন, নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ২৩৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১০ জন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ৫ মার্চ মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়েছে। আগামী ১৪ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ১৫ মার্চ প্রতীক বরাদ্দ করা হবে। আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে।