জয়পুরহাটে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

জয়পুরহাটের আক্কেলপুরে স্ত্রী পান্না বিবিকে হত্যার দায়ে স্বামী সিরাজুল ইসলাম শেখ লালুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক হাসিবুল হক এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত সিরাজুল ইসলাম শেখ লালু আক্কেলপুর উপজেলার গুডুম্বা গ্রামের মৃত আব্দুস ছাত্তার শেখের ছেলে।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১০ সালে বগুড়ার আদমদীঘি উপজেলার ঘোড়াদহ মধ্যপাড়া গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে পান্না বিবির সঙ্গে সিরাজুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর সন্তান না হওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে প্রায়ই দাম্পত্য কলহ লেগে থাকত।
এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের ৭ মার্চ রাতে পারিবারিক কলহের জেরে সিরাজুল ইসলাম তার স্ত্রীকে গলায় রশি পেঁচিয়ে ও গলা কেটে হত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পান্না বিবির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় পরদিন নিহতের বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে আক্কেলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার আদালত এ রায় ঘোষণা করেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাহানুর রহমান শাহিন।
