logo

কাশিমপুর কারাগারে স্বজনদের ভোগান্তি কমাতে গলফকার

কাশিমপুর কারাগারে স্বজনদের ভোগান্তি কমাতে গলফকার

কারাগারে বন্দিদের সঙ্গে দেখা করতে আসা স্বজনদের দীর্ঘদিনের কষ্ট ও ভোগান্তি কমাতে মানবিক উদ্যোগ নিয়েছে গাজীপুরের কাশিমপুর কারা কর্তৃপক্ষ। কারা কল্যাণ তহবিল থেকে প্রায় ২৬ লাখ টাকা ব্যয়ে কেনা আধুনিক গলফকার (ছোট বৈদ্যুতিক যান) চালু করা হয়েছে। ইতোমধ্যে এই সেবাটি দর্শনার্থীদের জন্য স্বস্তির এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের মূল ফটক (আরপি গেইট) থেকে সাক্ষাৎ কক্ষের দূরত্ব প্রায় ১ কিলোমিটার। এই পথ পাড়ি দিতে গিয়ে নানাবিধ ভোগান্তি পোহাতে হয় আগত স্বজনদের। বিশেষ করে নারী, শিশু, অসুস্থ ও বয়স্কদের জন্য ভোগান্তির মাত্রা ছিল আরও বেশি। অনেকেই রিকশার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতেন, আবার অনেক সময় কোনো যানবাহন না পেয়ে বাধ্য হয়ে হেঁটেই যেতে হতো। এই সুযোগে কিছু অসাধু রিকশাচালকের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে দীর্ঘদিনের। নতুন চালু হওয়া গলফকার সেবা সেই চিত্র অনেকটাই বদলে দিয়েছে। এখন দর্শনার্থীরা সহজেই এবং দ্রুত সময়ের মধ্যে নির্ধারিত সাক্ষাৎ স্থানে পৌঁছাতে পারছেন। এতে যেমন সময় সাশ্রয় হচ্ছে, তেমনি কমেছে তাদের শারীরিক কষ্টও। 

কারা কর্তৃপক্ষ জানায়, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো দর্শনার্থীদের কষ্ট কমানো, সেবাকে সহজলভ্য করা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা। একইসঙ্গে কারাবন্দিদের সঙ্গে সাক্ষাৎ প্রক্রিয়াকে আরও মানবিক, সুশৃঙ্খল ও স্বচ্ছ করতে এটি একটি কার্যকর পদক্ষেপ।

সচেতন মহল বলছেন, স্বজনদের কষ্ট লাঘবে এ ধরনের উদ্যোগ কারা ব্যবস্থাপনাকে আরও জনমুখী ও মানবিক করে তুলবে। কাশিমপুর কারা কর্তৃপক্ষের এই উদ্যোগ অন্য কারাগারগুলোর জন্যও একটি দৃষ্টান্ত হয়ে উঠতে পারে। এতে করে দেশের কারা ব্যবস্থাপনায় মানবিক পরিবর্তনের একটি নতুন ধারা তৈরি হবে।

দর্শনার্থী ও বন্দির স্বজনরা জানান, কাশিমপুর কারাগারের মধ্যে আলাদা আলাদা ৪টি কারাগার রয়েছে। প্রতিদিন শতশত মানুষ আসেন বন্দিদের সঙ্গে সাক্ষাৎ করতে। হেঁটে চলাচল কষ্ট, তাছাড়া রিকশাভাড়াও ছিল বেশি। তবে গলফকার পরিবহন চালু করায় ভোগান্তি কমে গেছে। এখন মূল গেইট হতে সাক্ষাৎ কক্ষে নামিয়ে দেওয়া হচ্ছে। এই উদ্যোগটি সকলের পছন্দ হয়েছে। 

এ বিষয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আল মামুন এশিয়া পোস্টকে বলেন, স্বজনদের কষ্ট লাঘব করার জন্যই আমাদের এই প্রচেষ্টা। মোট ৪টি গলফকার কেনা হয়েছে। ভবিষ্যতেও আমরা আরও জনবান্ধব উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করছি।