সিলেটে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু

সিলেটে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ দিনে সিলেটে পাঁচ শিশুর মৃত্যু হলো।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক মো. মাহবুবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশু মারা যায়। দুই শিশুর একজন দশ মাস বয়সি হুজাইফা। সে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশিদুন এলাকার জাকির হোসেনের কন্যা। অন্যজন দশ মাস বয়সি মো. আব্দুল্লাহ। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পলভাগে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হুজাইফ হৃদ্যন্ত্র বিকলতা ও ব্রঙ্কোনিউমোনিয়ায় আক্রান্ত ছিল এবং হামের উপসর্গ ছিল। অন্যদিকে, একইদিন বিকেল ৩টা ৪৫ মিনিটে পিআইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল্লাহর মৃত্যু হয়। তাকে গত ১৩ এপ্রিল ভর্তি করা হয়েছিল। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, শক, হৃদ্যন্ত্র বিকলতা, ব্রঙ্কোনিউমোনিয়া এবং হাম জটিলতায় তার মৃত্যু হয়েছে।
শহীদ সামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. মিজানুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১১ জন প্রাপ্ত বয়স্ক, বাকিরা সব শিশু। এ নিয়ে হাসপাতালে ৬৭ জন রোগি ভর্তি রয়েছেন।
এদিকে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৫২ জন হামের উপসর্গ নিয়ে সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ৯৯ শিশু চিকিৎসাধীন। তাদের হাম পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ঢাকার ল্যাবে পাঠানো হয়েছে।