অস্ত্র ঠেকিয়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার দেহেরগতি ইউনিয়নের মধ্য রাকুদিয়া গ্রামে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সিদ্দিকুর রহমান শরীফের বাড়িতে এ ঘটনা ঘটে।
সিদ্দিকুর রহমান শরীফ বলেন, রাত দুইটার দিকে সাত থেকে আটজনের একটি দল তাদের বাড়িতে ঢোকে। প্রথমে বাড়িতে থাকা সিসিটিভি ক্যামেরার দিক ঘুরিয়ে দেওয়া হয়। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে মারধর করে হাত-পা বেঁধে ফেলা হয়।
সিদ্দিকুর রহমানের ভাষ্য, এরপর তার স্ত্রী ও ছেলেকেও অস্ত্রের মুখে জিম্মি করে রাখে ডাকাতেরা। পরিবারের কাছে থাকা টাকা ও স্বর্ণালংকার কোথায় রয়েছে, তা জানতে ভয়ভীতি দেখানো হয়।
তিনি বলেন, আমার ছেলের বুকে পিস্তল ঠেকিয়ে ডাকাতেরা বলে, যা কিছু আছে সব বের করে দিতে। না হলে গুলি করবে বলে হুমকি দেয়।
পরিবারের সদস্যদের অভিযোগ, এরপর ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে দ্রুত চলে যায় ডাকাতেরা। লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় পাঁচ লাখ টাকা বলে দাবি করেছে পরিবার।
সিদ্দিকুর রহমান বলেন, ডাকাত দলের সদস্যদের হাতে পিস্তল ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ছিল। হঠাৎ দরজা ভেঙে ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করায় পরিবারের সবাই আতঙ্কিত হয়ে পড়েন। ডাকাতেরা চলে যাওয়ার পর তারা হাত-পায়ের বাঁধন খুলে প্রতিবেশীদের বিষয়টি জানান।
খবর পেয়ে বাবুগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

