চট্টগ্রামে ২০০ বন্যার্ত পরিবারকে ত্রাণ ও শিশু খাদ্য দিল ফুলকুঁড়ি আসর

চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে জাতীয় শিশুকিশোর সংগঠন ‘ফুলকুঁড়ি আসর’। সংগঠনের পক্ষ থেকে বন্যাকবলিত প্রায় ২০০ পরিবারের মাঝে শিশু খাদ্যসহ শুকনো খাবার, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং গৃহহীনদের জন্য জরুরি আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
দুর্যোগকালীন এই পরিস্থিতিতে শিশুদের পুষ্টি ও স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে ফুলকুঁড়ি আসর তাদের ত্রাণ প্যাকেজে শিশুকিশোরদের জন্য বিশেষ খাদ্য সহায়তা অন্তর্ভুক্ত করে। এই বিশেষ প্যাকেজে ছিল চিড়া, মুড়ি, চিনি, বিস্কুট, কেক, খেজুর, ওরাল স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ। সংগঠনটির দায়িত্বশীলরা জানান, দুর্যোগে শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। তাই তাদের সুস্থতার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
সোমবার (১৩ জুলাই) আয়োজিত এই ত্রাণ বিতরণ কর্মসূচি প্রত্যক্ষভাবে তত্ত্বাবধান করেন ফুলকুঁড়ি আসরের প্রধান পরিচালক মুজাহিদুল ইসলাম এবং কেন্দ্রীয় অফিস সম্পাদক মো. মাহফুজুর রহমান। কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন সংগঠনের চট্টগ্রাম মহানগরী নীহারিকা শাখা ও সাগরিকা শাখার সংগঠক ও স্বেচ্ছাসেবীরা।
ত্রাণ গ্রহণকারী স্থানীয় বাসিন্দারা ফুলকুঁড়ি আসরের এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, চরম সংকটের এই সময়ে সাধারণ খাদ্য সহায়তার পাশাপাশি শিশুদের বিশেষ প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়।
সংগঠনের প্রতিনিধিরা জানান, এটি কেবল সামাজিক দায়বদ্ধতা নয়, বরং একটি মানবিক দায়িত্ব। তারা বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহমর্মিতার মাধ্যমে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব উল্লেখ করে ফুলকুঁড়ি আসরের পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে বন্যাকবলিত মানুষের দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করা হয়।




