লক্ষ্মীপুর পৌরসভার সেবার মান নিয়ে পানিসম্পদমন্ত্রীর ক্ষোভ

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর পৌরসভার নাগরিক সেবার মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। একই সঙ্গে পৌর এলাকায় দৃশ্যমান উন্নয়নমূলক কাজ না হওয়ায় অসন্তোষও প্রকাশ করেন।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদমন্ত্রী বলেন, পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উদাসীনতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। সুযোগ থাকা সত্ত্বেও উন্নয়নমূলক কাজ, জলাশয় সংরক্ষণ, পানি নিষ্কাশনের ড্রেন নির্মাণ ও রাস্তা সংস্কারের মতো প্রয়োজনীয় কাজ করা হচ্ছে না। এসবের কোনো দৃশ্যমান অগ্রগতি তার চোখে পড়েনি।
তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করে বলেন, এক মাসের মাথায় আমরা চন্দ্রগঞ্জ উপজেলা পেয়েছি।
মন্ত্রী আরও বলেন, লক্ষ্মীপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল রেললাইন। একসময় এটি বাস্তবায়ন অসম্ভব মনে হলেও এখন সেই অসম্ভবকে সম্ভব করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, অচিরেই এ স্বপ্ন বাস্তবে রূপ নেবে। পাশাপাশি লক্ষ্মীপুরে একটি নার্সিং ইনস্টিটিউট ও মেডিকেল কলেজের অনুমোদন হয়েছে এবং জেলাবাসী একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ও পেতে যাচ্ছে।
তিনি বলেন, সরকারের উন্নয়নকাজ বাস্তবায়নে যারা দুর্নীতির সঙ্গে জড়াবে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।
আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ কে এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ শামসুল আলম, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. ইউসুফ, টুমচর মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হারুন আল মাদানী এবং বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক জেড এম ফারুকী।
এ ছাড়া অনুষ্ঠানে জেলার বিভিন্ন সুধীজন, শিক্ষাবিদ ও রাজনীতিবিদ উপস্থিত ছিলেন।
.png)






