logo
Advertisement

পার্বত্য মন্ত্রীর নাম-ছবি ব্যবহার করে টাকা দাবি, থানায় জিডি

পার্বত্য মন্ত্রীর নাম-ছবি ব্যবহার করে টাকা দাবি, থানায় জিডি
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী চাসিং প্রু জেরী। ছবি : ফেসবুক থেকে পাওয়া

বান্দরবানে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী চাসিং প্রু জেরী এমপির নাম ও ছবি ব্যবহার করে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে বিভিন্ন অজুহাতে টাকা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিদের বিরুদ্ধে বান্দরবান সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

মঙ্ঘরবার (১৫ সেপ্টেম্বর) রাতে বান্দরবান থানায় মো. হেলাল উদ্দীন (৩৬) নামের এক ব্যক্তি এ বিষয়ে অভিযোগ করেন।

জিডিতে তিনি উল্লেখ করেন, গত ১৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি মোবাইল ফোনের মাধ্যমে তার কাছে বিভিন্নভাবে টাকা দাবি করেন।

অভিযোগে বলা হয়, ওই ব্যক্তি পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী চাসিং প্রু জেরীর নাম ও ছবি ব্যবহার করে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের কাছ থেকে টাকা দাবি করছেন বলে অভিযোগকারী জানতে পারেন। এভাবে মন্ত্রীর নাম ও ছবি ব্যবহার করে অর্থ আদায়ের চেষ্টা করা হলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে বলেও জিডিতে উল্লেখ করা হয়।

লিখিত আবেদনে আরও বলা হয়, অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিদের এমন কর্মকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি, আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হতে পারে। মন্ত্রীর নাম ও ছবি ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা হয়ে থাকলে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

এ ঘটনায় মো. হেলাল উদ্দীন বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে বান্দরবান সদর থানায় জিডি করেন। জিডিটি গ্রহণ করে তদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট নথিতে উল্লেখ রয়েছে।

জিডির তদন্ত কর্মকর্তা বান্দরবান সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. মনির হোসাইন বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু হয়েছে। অজ্ঞাতনামা ব্যক্তিকে দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।