logo

সিলেটে বাস দুর্ঘটনা/নিহত প্রতি পরিবার পাবেন ৫ লাখ টাকা

নিহত প্রতি পরিবার পাবেন ৫ লাখ টাকা
দুর্ঘটনাকবলিত বাস। ছবি: সংগৃহীত

ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হতাহতদের আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ৫ লাখ টাকা, পঙ্গুত্ববরণকারীদের ৩ লাখ টাকা এবং অন্যান্য চিকিৎসাধীন আহতদের ১ লাখ টাকা করে অনুদান দেওয়া হবে।

শনিবার (৮ আগস্ট) সকালে দুর্ঘটনায় আহতদের দেখতে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর নির্দেশে হতাহতদের এই আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি।

এ সময় আরিফুল হক চৌধুরী রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দেন।

হতাহতদের আর্থিক সহায়তা প্রদানের বিষয়ে তিনি বলেন, বিআরটিএ-এর নির্ধারিত একটি ফরম হাসপাতালের পরিচালকের কাছে হস্তান্তর করা হয়েছে। ফরমটি যথাযথভাবে পূরণ করে জমা দেওয়ার পর সংশ্লিষ্টরা সরকারি অনুদানের টাকা পাবেন।

ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনা রোধে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও চালকদের অহেতুক প্রতিযোগিতা বন্ধে নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, বিশেষ করে ভোরের দিকে মহাসড়ক ফাঁকা থাকায় চালকদের বেপরোয়া গতি ও প্রতিযোগিতা নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানো হবে।

উল্লেখ্য, গত শুক্রবার (৭ আগস্ট) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরের কাশিকাপন এলাকায় ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয় এবং পরবর্তীতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও দুজন। দুর্ঘটনায় নিহতরা সবাই ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন। এতে দুই বাসের অন্তত ২৪ জন যাত্রী আহত হন, যাদের মধ্যে ১৪ জন বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।