logo

সিলেটে বাস শ্রমিকদের সংঘর্ষ-ভাঙচুর, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী

সিলেটে বাস শ্রমিকদের সংঘর্ষ-ভাঙচুর, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী

আহ্বায়ক কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় শ্রমিকদের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। দুপক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে কয়েকজন শ্রমিক ও পথচারী আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে কয়েকটি বাস ও কাউন্টার।

সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৪টার দিকে পরিস্থিতে নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী।

এদিন দুপুর ২টার দিকে সিলেটের কদমতলী এলাকায় জকিগঞ্জ-জাফলং রুটের শ্রমিকদের সঙ্গে মিতালি পরিবহন, হবিগঞ্জ এক্সপ্রেস, জগন্নাথপুর রুটের শ্রমিকদের সংঘর্ষ শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জের জগন্নাথপুর রুটে চলাচলকারী পরিবহন শ্রমিক ইউনিয়নের এক নেতা মারা যাওয়ায় নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে স্থান না পাওয়া আরেক নেতার পক্ষের শ্রমিকরা কার্যালয় দখলের চেষ্টা করছিলেন। সোমবার এ নিয়ে জকিগঞ্জ রুটের শ্রমিকরা জগন্নাথপুর রুটের শ্রমিকদের মারধর করেন।

পরে জকিগঞ্জ রুটের শ্রমিকদের প্রতিহত করতে গিয়ে জাফলং রুটের শ্রমিকদের ওপর হামলা করেন ঢাকা-সিলেট রুটে চলাচল করা মিতালি পরিবহন ও হবিগঞ্জ এক্সপ্রেসের শ্রমিকরা। তাদের সঙ্গে অন্য রুটের শ্রমিকরা যোগ দিয়ে হামলা চালান। প্রায় ২ ঘণ্টাব্যাপী থেমে থেমে ধাওয়া-পাল্টাধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটে।

সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম জানান, ব্যক্তির বিরোধকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত। চতুর্দিক থেকে সংঘর্ষ লেগেছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মঞ্জুরুল ইসলাম বলেন, কিছু দিন আগে শ্রমিক সংগঠনের এক নেতা মারা যান। এরপর আহ্বায়ক কমিটি নিয়ে দ্বন্দ্ব থেকে সংঘর্ষের ঘটনা ঘটে। 

তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিকেলে সেনাবাহিনী ঘটনাস্থলে আসে। পরিস্থিতি এখন শান্ত থাকলেও উত্তেজনা বিরাজ করছে। বিষয়টির সমাধানে আলোচনা চলছে।