logo

পাটগ্রাম সীমান্তে অনুপ্রবেশ, ধাওয়া খেয়ে গুলি-ককটেল ছুড়ে পালাল বিএসএফ

পাটগ্রাম সীমান্তে অনুপ্রবেশ, ধাওয়া খেয়ে গুলি-ককটেল ছুড়ে পালাল বিএসএফ
কৃষকদের ধাওয়া খেয়ে ককটেল-গুলিবর্ষণ করে বিএসএফ সদস্যরা। ছবি : এশিয়া পোস্ট কোলাজ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে কৃষকদের ওপর হামলার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। এ সময় বাংলাদেশের কৃষকরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করলে ককটেল ও গুলি ছুড়ে ভারতের অভ্যন্তরে চলে যায় বিএসএফ সদস্যরা।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্তের ৮৩৭ নম্বর মেইন পিলারের ৪-এস উপপিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় কৃষকেরা জানান, সন্ধ্যায় তারা জমিতে কাজ করছিলেন। এ সময় কয়েকজন বিএসএফ সদস্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে তাদের জমি থেকে চলে যেতে বলেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে বিএসএফ সদস্যরা লাঠি দিয়ে কৃষকদের ওপর হামলা চালান বলে অভিযোগ করেন তারা। পরে কৃষকেরাও লাঠি নিয়ে তাদের ধাওয়া করেন। একপর্যায়ে বিএসএফ সদস্যরা ককটেল, সাউন্ড বোমা ও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে ভারতের অভ্যন্তরে চলে যান বলে কৃষকদের দাবি।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দল। বিজিবি এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে। সীমান্তে উত্তেজনার পরিপ্রেক্ষিতে বামনদল এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

লালমনিরহাট ৬১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহা. শাহীনুল ইসলাম বলেন, ঘটনার পরপরই বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। এ বিষয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বৈঠকে প্রতিবাদ জানানোর পাশাপাশি এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে বিষয়েও বলা হবে।

বিএসএফের বরাত দিয়ে তিনি আরও বলেন, পাথর উত্তোলনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।