গাইবান্ধায় বিএনপি প্রার্থীর সমর্থকদের হামলায় আহত ২

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের সুজালপুল বাজারে বিএনপি প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মী আহত হয়েছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গাইবান্ধা জেলা বিএনপির সাবেক সভাপতি (দল থেকে বহিষ্কৃত) স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ফলে বিরোধ চলছে। বুধবার রাত ৮টার দিকে সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের সুজালপুল বাজারে বিএনপির প্রার্থী মো. ফারুক আলম সরকারের সমর্থকরা পল্লী চিকিৎসক আব্দুর রশিদের দোকানে গিয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে বিএনপির সমর্থকদের হামলায় পল্লী চিকিৎসক আব্দুর রশিদ ও স্বতন্ত্র প্রার্থীর আরও এক সমর্থক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ এশিয়া পোস্টকে জানান, গত দুই সপ্তাহে আমাদের ৯টি মোটরসাইকেল পুড়িয়ে ১০-১২ জনকে আহত করেছেন বিএনপির মনোনীত প্রার্থী মো. ফারুক আলমের লোকজন। এভাবে চলতে থাকলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ থাকবে না। সাঘাটা থানায় মামলা দায়ের করার পরেও আমরা নিরাপদে কাজ করতে পারছি না।
এ বিষয়ে বিএনপির প্রার্থী মো. ফারুক আলম সরকার এশিয়া পোস্টকে জানান, আমি গতকাল সকাল ৯টায় নির্বাচনি কাজে ফুলছড়ি উপজেলার উরিয়া ইউনিয়নে ছিলাম। রাত ১১টায় বাসায় ফিরেছি, সাঘাটায় মারামারির বিষয়ে কিছুই জানি না।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান এশিয়া পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন সুষ্ঠু করতে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি।